ঢাকা–বরিশাল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

 



ঢাকা–বরিশাল মহাসড়কের গোপালপুর মেলকাই এলাকায় রোববার (আজ) বিকেল সাড়ে ৪টার দিকে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন ধরে গেলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাসটির ভেতরে ছড়িয়ে পড়ে। তবে চালক ও সহকারীর তৎপরতায় এবং যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির বৈদ্যুতিক ত্রুটির কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।